ঢাকা: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী সপ্তাহের শেষ-নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলেও জানান মন্ত্রী। আজ রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের সম্পুরক এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। বিকাল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আতিকুর রহমান মুজাহিদ বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হবে এবং কবে-নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি জানতে চান। জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আগামীকালই (সোমবার) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ-নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
























































Discussion about this post