ঢাকা: সংস্কৃতিচর্চা ছাড়া কোনো সমাজ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, মানুষের মানসিক বিকাশ ও সুস্থ জীবনযাপনে গান, কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশা থেকে দূরে রেখে মানবিক ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কিউট নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, মানুষের জীবনের সব দিকের সমন্বয় না হলে পরিপূর্ণ জীবন গড়ে ওঠে না। মানসিক বিকাশের জন্য এমন সময় প্রয়োজন, যখন মানুষ গান গাইবে, কবিতা আবৃত্তি শুনবে কিংবা নাটক দেখবে। জীবনের অন্যান্য প্রয়োজনের মতো সাংস্কৃতিক চর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, একটি সুন্দর ও পরিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রত্যেক মানুষের ভূমিকার স্বীকৃতি দিতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের অবদানও সমাজের জন্য অপরিসীম। তারা যদি ১০ দিন ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বন্ধ রাখেন, তাহলে শহরের পরিস্থিতি কী দাঁড়াবে, তা সহজেই অনুমেয়। তাই সবার প্রতি সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি ও হতাশা বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আবদুস সালাম বলেন, বর্তমান তরুণ-যুবকদের একটি অংশ নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং নিজেদের জীবন নিয়ে হতাশায় ভুগছে। এটি সমাজের জন্য মারাত্মক অবক্ষয়ের লক্ষণ। এ অবস্থা থেকে উত্তরণে তরুণদের গান, কবিতা ও নাট্যচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নাট্যকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা সমাজের দায়িত্ব বলেও মন্তব্য করেন। এ ক্ষেত্রে সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও সরকারকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শুধু অর্থ উপার্জন করলেই দায়িত্ব শেষ হয় না। সেই অর্থ ও সামর্থ্য দিয়ে সমাজকে সুস্থ রাখতেও অবদান রাখতে হবে। সমাজের মানুষ ভালো না থাকলে ব্যক্তিগত অর্থ-সম্পদেরও কোনো মূল্য থাকে না। ভালো থাকার অর্থ শুধু নিজে ভালো থাকা নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকা। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হারুন, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক লাকি এনাম এবং অভিনেতা কাসেমসহ অনেকে।






















































Discussion about this post