স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের প্রতিভায় মুগ্ধ মার্কাস রাশফোর্ড। ইংল্যান্ডের এই তারকা মনে করেন, ফুটবলীয় প্রতিভার বিচারে তার সঙ্গে খেলা অন্য সব প্রতিভাবান খেলোয়াড়কেও ছাড়িয়ে গেছেন ইয়ামাল। এমনকি ভবিষ্যতে সাতবার ব্যালন ডি’অর জিতলেও তাতে অবাক হবেন না তিনি। খবর গোল ডটকমের। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র বরাতে জানা গেছে, ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের সঙ্গে এক অনুষ্ঠানে ইয়ামালকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রাশফোর্ড। পরে তার সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লামিনে ইয়ামালকে নিয়ে রাশফোর্ড বলেন, ‘আমি অনেক প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। কিন্তু তাদের সবার চেয়ে এগিয়ে ইয়ামাল। সাতটি ব্যালন ডি’অর জিততে পারেন লামিনে ইয়ামাল।’ তিনি আরও বলেন, আগামী বছরগুলোতে মেসির পর্যায়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা ইয়ামালেরই সবচেয়ে বেশি। তার প্রতিভার ওপর আমার অনেক বিশ্বাস রয়েছে। তবে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করলেও আর্জেন্টাইন কিংবদন্তির প্রতিভাকে আলাদা উচ্চতায় রাখছেন রাশফোর্ড। তার মতে, ‘মেসি অসাধারণ একজন খেলোয়াড়। আমার মনে হয়, আমাদের জীবদ্দশায় তার মতো পূর্ণাঙ্গ ফুটবলীয় প্রতিভার আর কাউকে দেখা যাবে না।’ রাশফোর্ডের ভাষায়, ইয়ামাল যদি ৭টি ব্যালন ডি’অর জেতেন, তাতেও আমি অবাক হব না।























































Discussion about this post