ঢাকা: আজ ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তার হাতে গড়া নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য। জানা গেছে, জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা ও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীরা এ আয়োজনে অংশ নেবেন। এদিন ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছরই প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ছুটে আসেন ভক্তরা। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প ও নাটক রচনা করেছেন। তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র পাঠকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। পরে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পরও তার সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্রের মাধ্যমে পাঠক-দর্শকের হৃদয়ে বেঁচে আছেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক।




















































Discussion about this post