বিনোদন ডেস্ক: হরর সিনেমার মাধ্যমে নতুন রূপে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। ‘স্কেয়ারি পিকচার’ নামের একটি নতুন হরর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি। অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’ সিনেমাটি প্রযোজনা করছে। এর মাধ্যমে প্রথমবারের মতো হরর ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু। এর মধ্য দিয়ে হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি বলেন, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। তার ভাষায়, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানারই রয়েছে নিজস্ব বৈচিত্র্য। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় ভিন্নতা রয়েছে। তাই এই ঘরানার সব ধরনের উপধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতে চান তারা। হরর সিনেমা নির্মাণে পরিচিত মুখ রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্কেয়ারি পিকচার’-এর গল্প, কঙ্গনার চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি। প্রসঙ্গত, এর আগেও হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে ঘিরে। এদিকে কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল অন্যতম।
























































Discussion about this post