ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন স্বাভাবিক না হলে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা বন্ধ রাখা হবে। শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে। মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে ভীতিকর অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে কর্মীরা হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছে। কারখানায় ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে। তিনি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিক পক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া, সাভার এলাকায় কারখানা বন্ধ রাখতে ঐক্যমতে পৌঁছেছেন শিল্পমালিকরা।






















































Discussion about this post