বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণ। স্ত্রী আন্না কোনিডালার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন তারা। তবে আলাদা হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের প্রতি দায়িত্ব পালনের কথা জানিয়েছেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন পবন ও আন্না। বিবৃতিতে বলা হয়, আলোচনা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর এবার নিজেদের মতো করে এগিয়ে যেতে চান দুজন। তবে সন্তানদের সুখ ও ভালো থাকাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তারা। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টি নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তবে বিচ্ছেদের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি পবন ও আন্না। ২০১৩ সালে রুশ নাগরিক আন্না কোনিডালাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাদের সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা নামে এক মেয়ে এবং মার্ক শঙ্কর পবনোভিচ নামে এক ছেলে রয়েছে। এটি পবন কল্যাণের তৃতীয় বিয়ে। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন। তবে সেই সংসারও টেকেনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এর এক বছর পর আন্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ রাজনীতিতেও সক্রিয়। ২০১৪ সালের মার্চে তিনি জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে জনসেনা, তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং বিজেপির জোট জয়লাভ করে। পরে ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।























































Discussion about this post