ঢাকা: গণমাধ্যমকে হয়রানি বা টার্গেট করার জন্য সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণমাধ্যম যাতে আরও নিরাপদে কাজ করতে পারে, সেই লক্ষ্যেই আইনটি করা হচ্ছে। একই সঙ্গে আইনটি যেন নিপীড়নমূলক না হয়, সেজন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হচ্ছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমকে হয়রানি করার জন্য সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না। গণমাধ্যম যাতে আরও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারে, সেজন্য এই আইন হচ্ছে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনটি যাতে কোনোভাবেই নিপীড়নমূলক না হয়, সে জন্য সবার মতামত চাওয়া হয়েছে। বিশেষ করে গণমাধ্যম যাতে এই আইনের মাধ্যমে অন্যায়ভাবে ভিকটিম না হয়, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। ‘মিডিয়াকে টার্গেট করে এই আইন করা হচ্ছে না। এই আইন দিয়ে মিডিয়া অন্যায়ভাবে যাতে ভিকটিম না হয়, সেজন্য গণমাধ্যমের মতামতকে সমর্থন করছে সরকার,’ বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে গণমাধ্যমের কাছ থেকে মতামত নেওয়া হবে। সেই মতামত পর্যালোচনা করে আইনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এরপর মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আইনটি উপস্থাপন করা হবে। কেবিনেটে অনুমোদনের পর সংসদে আইনটি নিয়ে আলোচনা হবে। পরবর্তী প্রক্রিয়া শেষে এক মাসের মধ্যে আইনটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন একটা আইন করতে চাই, যাতে সমাজের সব স্তরের মানুষকে রক্ষা করতে পারি। বিশেষ করে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে যুবসমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও নতুন আইন প্রণয়নের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।























































Discussion about this post