নারায়ণগঞ্জ প্রতিনিধি: কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকারও চায় বাজারে ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দের অস্তিত্ব না থাকুক। কারণ, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। তিনি জানান, খাদ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যশস্যের মজুদ এবং সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভবিষ্যতে বাজার বা খাদ্য সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প কবে চালু বা উদ্বোধন হবে—এ বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয় বলে জানান আফরোজা খানম। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হবে। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে গিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান। সেখানে তিনি সাইলো এবং এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন। এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুদ সক্ষমতা, মিলের কার্যক্রম ও সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরিদর্শনকালে স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























































Discussion about this post