বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৪ অক্টোবর) পৃথক ফেসবুক পোস্টে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে চার বছর আগের একটি ফেসবুক পোস্ট। কারণ, ওই পোস্টে এক ব্যক্তি লিখেছিলেন, প্রীতম ও শেহতাজের বিচ্ছেদের দিন তিনি পুরোনো একটি পোস্ট আবার শেয়ার করবেন। ২০২২ সালের ২৮ অক্টোবর দেওয়া ওই পোস্টে লেখা ছিল, ‘প্রীতম আর শেহতাজের ডিভোর্সের দিন আমি আবার এই পোস্ট শেয়ার দেব। ওকে বাই।’ চার বছর পর প্রীতম-শেহতাজ যখন দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন, তখনই ওই পুরোনো পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে অনেকের কাছেই বিষয়টি কৌতূহলের জন্ম দিয়েছে। তবে চার বছর আগের ওই পোস্টের সঙ্গে বর্তমান বিচ্ছেদের সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে—এমন দাবি করার সুযোগ নেই। পুরো বিষয়টিই কাকতালীয়। এদিকে বিচ্ছেদের ঘোষণা দিয়ে প্রীতম তার ফেসবুক পোস্টে জানান, পারস্পরিক বোঝাপড়ায় তাদের ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ এবং একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানান তিনি। প্রীতম বলেন, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি; অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। শেহতাজও পৃথক পোস্টে প্রায় একই কথা জানান। তিনি বলেন, একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতি উপলব্ধি করেই আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন শেহতাজ। নতুন অধ্যায় সামলে সামনে এগিয়ে যেতে সবার বোঝাপড়া ও সমর্থন কামনা করেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় শেহতাজের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানের মনোরম পরিবেশে বিয়ে করেন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদ।






















































Discussion about this post