সরিষাবাড়ী প্রতিনিধি: দীর্ঘ ৮ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় আবারো সার উৎপাদনে শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে সার উৎপদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদনের বিভাগীয় প্রধান মো. ফজলুল হক। যমুনা সার কারখানার এ্যামোনিয়া এন্ড ইউটিলিটির বিভাগীয় প্রধান মো. ফজলুল হক বলেন, দীর্ঘদিন পর যমুনা সার কারখানায় সার উৎপাদন শুরু হয়েছে। এখনো কারখানার সব কিছু সচল আছে। আশা করি প্রতিদিন ১২শ থেকে ১৪শ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হবে। কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। পরবর্তীতে গত রাতে উৎপাদন শুরু হয়েছে ইউরিয়া সার৷ প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। যমুনা সার কারখানায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১ জেলায় সরবরাহ করা হয়।























































Discussion about this post