আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি বিস্ফোরকবোঝাই গাড়ি ট্রেনের একটি বগিকে ধাক্কা দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ব্যাপক হতাহতের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, রেললাইনের পাশে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে পার্ক করা অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিকটবর্তী ভবনের জানালা ও কাচ ভেঙে গেছে। ঘটনার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত হাসপাতালে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলস্টেশনে আটকে রাখা হয়েছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবর ইউসুফজাই জনগণকে বিস্ফোরণস্থলের আশপাশে ভিড় না করার আহ্বান জানিয়েছেন, যাতে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।























































Discussion about this post