স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে যায় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে ২-০ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশাজনক এই বিদায়ের পর দেশের ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপে শুরু থেকেই ইনজুরি-সংকটে জর্জরিত ছিল ব্রাজিল দল। আসর শুরুর আগেই স্কোয়াড থেকে ছিটকে যান রদ্রিগো ও এস্তেভাও। পরে টুর্নামেন্ট চলাকালে চোটে পড়েন রাফিনিয়া ও লুকাস পাকেতাও। ফলে আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুসের ওপর।ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য হতাশ করেননি রিয়াল মাদ্রিদের এই তারকা। পাঁচ ম্যাচে চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে ব্রাজিল ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। পরাজয়ের পর কয়েকদিন নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দেন ভিনিসিয়ুস। তিনি লেখেন, ‘বিশ্বকাপে আরেকটি হতাশাজনক অধ্যায়ের পর কী বলব, তা খুঁজে পাচ্ছিলাম না। পুরো টুর্নামেন্টজুড়ে আপনাদের সমর্থন এবং আমাদের স্বপ্নের প্রতি বিশ্বাস আমাকে অনুপ্রাণিত করেছে। তাই কোনো কথা না বলে থাকা ঠিক হতো না। নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে কয়েকটা দিন সময় প্রয়োজন ছিল।’সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস আরও বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি এই টুর্নামেন্টের জন্য কতটা পরিশ্রম করেছি এবং কতটা মনোযোগ দিয়েছি। আপনাদের এবং আমার পরিবারের জন্য বিশ্বকাপ জেতাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য। আমরা আরও অনেক দূর যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’























































Discussion about this post