ঢাকা: রাজধানীতে একটি গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা। এসময় গাড়ি চালক মো. শামীম মিয়া পালিয়ে গেছেন।সোমবার (১০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।পরবর্তীতে গাড়িটিতে আরও অধিকতর তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, একটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
























































Discussion about this post