বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংসদ দেব জানিয়েছেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে চান না। বরং আগের মতোই পুরোপুরি মন দিতে চান চলচ্চিত্র অভিনয়ে।তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৪ সালে রাজনীতিতে যোগ দিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দেব। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রাজ্য সরকারের পরিবর্তনকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার এবং শৈল্পিক স্বাধীনতা ও ঐক্য বজায় রাখতে হবে। নিজের নির্বাচনী এলাকা ঘাটাল নিয়ে দেব বলেন, দীর্ঘদিনের স্বপ্ন “ঘাটাল মাস্টার প্ল্যান” বাস্তবায়নে তিনি নতুন সরকারের সহযোগিতা আশা করছেন।সবচেয়ে আলোচনায় এসেছে তার সরাসরি মন্তব্য, রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।তিনি আরও জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের পাশে তিনি নেপথ্য থেকে সবসময় থাকবেন। এদিকে দেবের এই ঘোষণাকে ঘিরে ভক্ত ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাকে রাজনীতি থেকে সম্পূর্ণ সরে আসার পরামর্শ দিচ্ছেন, আবার অনেকেই চান তিনি শুধু অভিনয়েই মনোযোগী থাকুন।




















































Discussion about this post