ঢাকা: সারাদেশে গত ৮ দিনে অভিযান চালিয়ে যৌথবাহিনী মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ৪-১১ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। আইএসপিআর আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান চালানো হয়।এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৩৩ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।আইএসপিআর আরও জানায়, অভিযানে ১০ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১২ টি ককটেল, দেশী-বিদেশি মাদকদ্রব্য ও দেশী-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।





















































Discussion about this post