ঢাকা: রাজধানীর কাফরুলে এক মোটরসাইকেল চালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইচেষ্টার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় এক ঝটিকা অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফয়সাল ও মো. কালু (২৭)। র্যাব সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় চলন্ত মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে রাস্তার পাশ থেকে ইট ছুড়ে মারা হচ্ছে। ‘মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাইচেষ্টা’ শিরোনামের ওই ভিডিওটি ভাইরাল হলে তদন্তে নামে র্যাব। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, ভুক্তভোগী মোটরসাইকেল চালক রাফির সঙ্গে তাঁদের আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ও ব্যক্তিগত বিরোধ ছিল। কয়েক দিন আগেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। র্যাব আরও জানায়, ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। আগে থেকেই ওত পেতে থাকা কালু, পারভেজসহ তাঁদের সহযোগীরা রাফিকে দেখা মাত্রই গতিরোধ করার চেষ্টা করেন। প্রথমে কালু মোটরসাইকেলটি থামাতে ব্যর্থ হলে সামনে থাকা পারভেজ একটি ইটের টুকরো ছুড়ে রাফির মাথায় আঘাত করেন। ইটের আঘাতে রাফি চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তিরাই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।























































Discussion about this post