মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়াটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাঘাডাংগা বিওপির সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিজিবির নিয়মিত টহল দল গ্রামের বাসিন্দা রফিকের একটি মেহগনি বাগান থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে দুই পুরুষের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লকিয়া গ্রামের মৃত যগেন্দ্র জলদাসের ছেলে সুবল চন্দ্র জলদাস (৬৮) এবং তাঁর ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)। বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক আট বাংলাদেশি নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।






















































Discussion about this post