আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের একটি বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও ভবনে বন্দুক হামলা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী সেনার পোশাক এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রথমে একটি বাড়িতে গুলি চালাতে শুরু করে। বাড়িটিতে আগুন ধরে গেলে সে বিশ্ববিদ্যালয় চত্বরে এসে ফের গুলি চালাতে শুরু করে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে প্রথম গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। ঘটনাস্থলেই ৩৯ বছরের এক নারীর মৃত্যু হয়। বাড়িটিতে আগুন লেগে যায়। আহত হয় ওই নারীর ১৪ বছরের মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এরপর ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয় চত্বরে আসে। সেখানে ফের গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪৬ বছরের এক শিক্ষকের। পুলিশের দাবি, বন্দুকধারীও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রটারডামের পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্দিষ্ট টার্গেট নিয়েই গুলি চালিয়েছে ওই ব্যক্তি। আক্রান্তের পাশাপাশি তার নিজের বাড়িতেও সে আগুন লাগিয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন আগুন এখন নিয়ন্ত্রণে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বর বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়। ডাচ প্রধানমন্ত্রী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
























































Discussion about this post