আন্তর্জাতিক ডেস্ক: ভারতবিরোধিতাই নেপালি জাতীয়তাবাদের সমার্থক’—এমন পুরনো রাজনৈতিক ধারণার সময় শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতার আলোকে পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। সম্প্রতি ভয়াবহ বন্যায় নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি সফর করেন ওয়াগলে। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেপালের অর্থমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও অর্থনীতি পুনরুদ্ধারে প্রায় ৫ বিলিয়ন ডলারের একটি পুনরুদ্ধার প্রকল্পে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে। ওয়াগলের ভাষ্য অনুযায়ী, নতুন বালেন শাহ সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন সূচনা’ করতে চায়। এ লক্ষ্যে দুই দেশের পুরনো বাণিজ্য চুক্তি ও বিভিন্ন যোগাযোগ প্রকল্পও পর্যালোচনা করা হতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নেপালের বিমানবন্দরগুলোর জন্য ওভারফ্লাইট অধিকার আদায়ের বিষয়টিও নতুন করে ভারতের কাছে তোলার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি সীমান্ত বিরোধের মতো সংবেদনশীল ও জটিল বিষয়গুলোও গঠনমূলক আলোচনার মাধ্যমে মোকাবিলা করার ওপর জোর দিয়েছেন নেপালের অর্থমন্ত্রী। অর্থনীতিবিদ ও সাবেক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কর্মকর্তা ওয়াগলে জানান, বন্যা-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করতে শিগগিরই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নেবেন তিনি। এসব বৈঠকে নেপালের পুনরুদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।























































Discussion about this post