নড়াইল প্রতিনিধি: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াগাতী থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়ার সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটলে অন্তত ১১ জন আহত হন। আহতদেlর উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় রাসেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় আবেদ আলী শেখ ও সোহেল মেম্বারের পক্ষ একে অপরের বিরুদ্ধে আগে হামলা ও গুলিবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুলিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।






















































Discussion about this post