আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নকশার একটি স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টে ট্রাম্পের একটি গম্ভীর মুখাবয়বের ছবি, তার স্বাক্ষর এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।” প্রকাশিত ছবিতে আরও লেখা রয়েছে, “স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।” পাসপোর্টের নকশায় ট্রাম্পকে একটি ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার ছবির নিচে রয়েছে স্বাক্ষর, আর পেছনের অংশে স্থান পেয়েছে ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ। অন্য একটি পাতায় স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্মের সঙ্গে লেখা রয়েছে, “United States of America 250”। হোয়াইট হাউস এটির নাম দিয়েছে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় এই বিশেষ স্মারক পাসপোর্ট বিতরণ করা হবে। তবে এটি শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে। বিশ্লেষকদের মতে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও দৃশ্যমান করার প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সরকারি ভবনে তার ছবিসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি ট্রেজারি বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন এই পাসপোর্ট চালু হলে সাধারণ নাগরিকদের ভ্রমণ নথিতে নিজের ছবি সংযুক্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প।
























































Discussion about this post