আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইরান সংকট ও আন্তর্জাতিক উত্তেজনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) ট্রাম্প নিজেই এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে বর্তমান পরিস্থিতি তার জন্য অত্যন্ত জটিল। ট্রাম্প বলেন, ইরান পরিস্থিতি এবং অন্যান্য আন্তর্জাতিক সংকটের কারণে তার ওপর বাড়তি দায়িত্ব রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধবিরতি ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই বিয়েতে গেলে তা নিয়েও সমালোচনা হতে পারে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শেষে বাহামাসে দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে, ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরান সংকট ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আসন্ন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (ম্যাগা) আন্দোলনের একজন সক্রিয় সমর্থক।






















































Discussion about this post