ঢাকা: এসএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের জন্য ১২ লাখের বেশি আবেদন পড়েছে, যা সব দেখা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেই খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছিলাম। কিন্তু এবারের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে, প্রায় সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে।’ এরই মধ্যে ১২ লাখের বেশি আবেদন পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাকে আবার প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটি দেখতে হবে—এটা বাস্তবিক অর্থেই অসম্ভব। এমন সুযোগের অপব্যবহার করা যাবে না।’ আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা একটি নীতিমালা প্রণয়ন করব। কোন ধরনের খাতা বা কোন পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। কারণ দেখা যাচ্ছে, কেউ জিপিএ-৫ বা গোল্ডেন প্লাস পাওয়ার পরও পুনর্মূল্যায়নের আবেদন করছে।’ মন্ত্রী বলেন, ‘এর অন্যতম কারণ হলো নম্বর ভবিষ্যতের শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এভাবে বিপুলসংখ্যক খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই বিষয়টি নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন।’
























































Discussion about this post