ঢাকা: আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির খসড়া সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারে। এরপর ১০ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। আগের বছরের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, বরং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, খসড়া এই সময়সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলে সে অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অন্যদিকে সারা দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। পাসের হার তুলনামূলক কম থাকায় এবং গতবারের মতো এবারও আসন খালি থাকার হার বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আসন খালি থাকলেও ভালো মানের কলেজগুলোতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থীর তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে, কারণ মানসম্মত প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত।কেন্দ্রীয়ভাবে অনলাইনে পরিচালিত এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। পরবর্তীতে ফলাফল, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের কলেজ বরাদ্দ দেওয়া হবে। কারিগরি বোর্ড ও নির্দিষ্ট কয়েকটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাদে দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় এই কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। বুয়েটের কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করছে।























































Discussion about this post