আন্তর্জাতিক ডেস্ক: ইরান-এ জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, দেশের জ্বালানি, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। বার্তাসংস্থা ইসনা-কে দেওয়া এক বিবৃতিতে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, এসব সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরেফ আরও বলেন, দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং কার্যক্রম এবং পেমেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এসব খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলেও তিনি জানান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব খাত কার্যকরভাবে কাজ করছে।






















































Discussion about this post