স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো ধরনের ‘মনস্তাত্ত্বিক লড়াইয়ে’ জড়াতে চান না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষের মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া না দিয়ে মাঠের খেলাতেই মনোযোগ রাখতে চান ইতালিয়ান এই কোচ। আজ সোমবার (২৯ জুন) রাতে নকআউট পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। কাগজে-কলমে এবারের প্রথম নকআউট পর্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই লড়াইকে। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে দুই দল। ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান দখল করে। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানো এবং সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয় জাপান। ফিফা র্যাঙ্কিং ও ইতিহাসের বিচারে ফেবারিট ব্রাজিল হলেও জাপানের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্ট সতর্ক থাকার বার্তা দিচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হারের পর টানা ১০ ম্যাচে অপরাজিত রয়েছে এশিয়ার দলটি। এই সময়ে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি টোকিওতে ব্রাজিলকেও পরাজিত করেছে তারা। সম্প্রতি জাপানের তরুণ ফরোয়ার্ড কেন্তো শিওগাই মন্তব্য করেছিলেন, ব্রাজিল আর আগের মতো অপ্রতিরোধ্য নয়। তবে সেই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ আনচেলত্তি। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘অন্যরা কী বলেছে, আমি তা নিয়ে কিছু বলতে চাই না। আমরা শুধু ম্যাচ, প্রতিপক্ষের শক্তি এবং নিজেদের প্রস্তুতি নিয়েই ভাবছি, যাতে কোনো সমস্যায় না পড়তে হয়।’ তিনি আরও বলেন, ‘ম্যাচের প্রস্তুতি বলতে এটুকুই। ইংল্যান্ডে যেটাকে “মাইন্ড গেমস” বলা হয়, আমরা সেই পথে হাঁটছি না। আমাদের মনোযোগ শুধু ফুটবলে।’ জাপান ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর নেইমারকে ঘিরে। তিন বছরেরও বেশি সময় পর স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে ফিরে মাত্র ১৫ মিনিট খেললেও দারুণ ছন্দে দেখা গেছে তাকে। ডান পায়ের কাফের চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচও খেলতে পারেননি সান্তোস ফরোয়ার্ড। তবে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নিজের ফিটনেসের ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন ১৫ মিনিটের বেশি সময় খেলতে প্রস্তুত। ‘নেইমারের উন্নতি খুবই সন্তোষজনক। গত সপ্তাহে সে অনেক ভালো অবস্থায় পৌঁছেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেনি,’ বলেন ব্রাজিল কোচ। তিনি আরও যোগ করেন, ‘সে ১৫ মিনিটের বেশি খেলতে সক্ষম। শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। তবে তাকে কতক্ষণ খেলানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতি এবং খেলার গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে।’ জাপানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে নিজেদের শিরোপা অভিযানে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই পথে নেইমারের প্রত্যাবর্তন দলটির জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হয়ে উঠতে পারে।
























































Discussion about this post