স্টাফ রিপোর্টার(রাজশাহী): রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে। কারিনা পাল উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর ঘরে প্রবেশ করেন। সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগও তার ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’
























































Discussion about this post