স্পোর্টস ডেস্ক: প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দিদিয়ের দেশমের দল জয় পায় ১-০ গোলে। এই জয়ে শেষ আটে মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পেল ফ্রান্স। আগামী শুক্রবার রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের অন্যতম কঠিন লড়াইগুলোর একটি। সংগঠিত রক্ষণ আর শারীরিক ফুটবলে দীর্ঘ সময় ধরে ফ্রান্সকে আটকে রাখে প্যারাগুয়ে। বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ফরাসিরা। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। তবে প্যারাগুয়ের রক্ষণ তখনও ভাঙা কঠিন হয়ে ছিল। দক্ষিণ আমেরিকার দলটি নিজেদের আক্রমণের চেয়ে ফ্রান্সের খেলার ছন্দ নষ্ট করতেই বেশি মনোযোগ দেয়। ফলে ম্যাচটি ফরাসিদের জন্য শারীরিকভাবেও কঠিন পরীক্ষায় পরিণত হয়। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। বক্সের ভেতর দুর্দান্ত ড্রিবলিংয়ে ঢোকার সময় ফাউলের শিকার হন এই তরুণ ফুটবলার। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।৭০তম মিনিটে স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে জালে বল জড়িয়ে দেন ফরাসি অধিনায়ক। সেই একমাত্র গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়।























































Discussion about this post