ঢাকা: আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলারের ওপর জোর দিতে হবে। তিনি আরও বলেন, সেশনজট কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোতে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামীর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করছে। বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশ নেয়। এর মধ্যে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























































Discussion about this post