ঢাকা: দেশের সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি বৃদ্ধি করেছে, যাতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন কার্যক্রম প্রতিরোধ করা যায়। কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া যেকোনো পুশ-ইন সংক্রান্ত তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।






















































Discussion about this post