স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফিফা বিশ্বকাপ নিয়ে খেলাপ্রেমীদের উত্তেজনার শেষ নেই। তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশের তিনিটি চ্যানেল। এসব চ্যানেলে ফিফার খেলাগুলো দেখতে পাবে দেশের খেলাপ্রেমীরা। এতে দেশের ফুটবলপ্রেমীরা টিভি ও অনলাইন—উভয় মাধ্যমেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টিভি বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। সম্প্রচার স্বত্ব চূড়ান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শক সহজেই টেলিভিশনের মাধ্যমে খেলা দেখতে পারবেন। ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই ব্যাপক উন্মাদনা দেখা যায়। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে সর্বোচ্চ পর্যায়ে। এবারের আসরেও সেই উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ, যা বিশ্বকাপের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকবে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোন, কম্পিউটার ও স্মার্ট টিভিতে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। এতে শহর থেকে গ্রাম—সব জায়গার দর্শকের জন্যই বিশ্বকাপ দেখা আরও সহজ হবে। বিশেষ করে যারা টিভি সম্প্রচারকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য বিটিভি ও বেসরকারি চ্যানেলগুলোর এই সম্প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















































Discussion about this post