স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগের সেই জৌলুশ হারিয়েছে- এমন মন্তব্য করেছেন কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। এক সাক্ষাৎকারে তিনি ব্রাজিল ফুটবলের অবনতির পেছনে দুটি প্রধান কারণ তুলে ধরেছেন। রোমারিও বলেন, ১৫-২০ বছর আগের মতো এখন আর ব্যালন ডি’অরের জন্য লড়াই করতে পারে- এমন মানের খেলোয়াড় তৈরি করতে পারছে না ব্রাজিল। ২০০৭ সালে কাকা ব্যালন ডি’অর জয়ের পর থেকে আর কোনো ব্রাজিলিয়ান এই পুরস্কার জিততে পারেননি। নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র কাছাকাছি গেলেও শীর্ষে উঠতে পারেননি। প্রথম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ‘স্ট্রিট সকার’ বা গলির ফুটবলের হারিয়ে যাওয়া। তার মতে, ব্রাজিলের ফুটবলের মূল শক্তি ছিল রাস্তাঘাটে খেলে বড় হওয়া প্রতিভাবান খেলোয়াড়রা। কিন্তু আধুনিক কাঠামোবদ্ধ প্রশিক্ষণ ব্যবস্থায় সেই স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে তিনি তুলে ধরেন আধুনিক ফুটবলে শারীরিক সক্ষমতার বাড়তি গুরুত্ব। রোমারিও মনে করেন, বর্তমান ফুটবলে শৈল্পিকতা বা ‘ফ্লেয়ার’-এর চেয়ে অ্যাথলেটিক ক্ষমতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যা ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী স্টাইলের সঙ্গে সাংঘর্ষিক। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তিনি আরও বলেন, শুধু নেইমারের ওপর নির্ভর না করে দলগতভাবে এগোতে হবে। রাফিনিয়া, ভিনিসিয়ুস, জোয়াও পেদ্রো ও এস্তেভাওয়ের মতো খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার ওপর জোর দেন তিনি।
























































Discussion about this post