ঢাকা: প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৩টা ২০ মিনিট থেকে এই রুটে নৌযান চলাচল স্থগিত করা হয়। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় ও তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ে। নদীতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। ফেরি চলাচল বন্ধ হওয়ার সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি পন্টুনে নোঙর করে রাখা হয়। তবে স্বস্তির বিষয় হলো, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়েনি। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সাধারণ যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সারি তৈরি হতে শুরু করেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে আমরা ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছি। বাতাসের তীব্রতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
























































Discussion about this post