ঢাকা: পলিসি ডিবেট বা নীতি সংলাপ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বিষয়টিকে একটি ‘চটকদার ও ভাইরাল হওয়ার কৌশল’ হিসেবে অভিহিত করেছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে আলোচনার আহ্বান জানানো রাজনৈতিক শিষ্টাচারের চেয়ে প্রচার পাওয়ার চেষ্টার মতোই মনে হচ্ছে। তিনি ইঙ্গিত দেন যে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে আলোচনার মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম হওয়া উচিত নয়। এসময় পলিসি ডিবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না এই বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, একজনকে ট্যাগ করা এটা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল ও পরশু যে শিডিউল আছে তা যথেষ্ট প্যাকড। কতটুকু সময় পাওয়া যাবে তা নিয়েও আমাদের ভাবতে হবে। তবে নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একদম দুই-তিনদিন আগে পোস্ট করা, ট্যাগ করা হয়তো স্যোশাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে।’তিনি আরও বলেন, ‘যে পলিসি ডিবেটের কথা বলা হয়েছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। ২০১৩ সালের জুলাই মাসে তারেক রহমান এক বক্তব্যে যা বলেছিলেন তারই প্রতিফল আমরা নির্বাচনি ইশতেহারে দেখেছি। ফ্যাসিবাদের পতনের পরও তিনি তার বক্তব্যে সমাজের প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে পলিসি ডিবেট কেন’। এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কোনো পলিসি পোস্ট গত দেড় বছরে তো দেখেননি, এর আগের ১৬-১৭ বছরেও দেখেননি বলেও উল্লেখ করেন মাহদী আমিন। মাহদী আমিন উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করেই দেশের ভবিষ্যতের জন্য ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে তারেক রহমান ২৭ দফা এবং ২০২৩ সালে আন্দোলনের শরিকদের নিয়ে ৩১ দফা ঘোষণা করেন। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে তারা (জামায়াত) কি কোনো পলিসি নিয়ে কথা বলেছে?





















































Discussion about this post