ঢাকা : টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলো শিশু হুজাইফা (৮)। আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন। এর আগে, গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকাল ৯টার দিকে রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র ছোড়া একটি গুলি সরাসরি হুজাইফার শরীরে এসে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হুজাইফাকে উন্নত নিউরো-সার্জারির জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৩ জানুয়ারি বিজিবি ও চমেক হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকালে না-ফেরার দেশে চলে যায় শিশুটি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পৃথক বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী গভীর শোক ও হুজাইফার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
























































Discussion about this post