ঢাকা : আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকদিন ধরে ধাপে ধাপে কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম। একের পর এক রেকর্ড ভেঙে দাম গিয়ে ঠেকেছে নতুন উচ্চতায়। ফলে দেশের বাজারেও এই ধাতুটির দাম এখন লাগামহীন। বাজারের এই অস্থিরতা সাধারণ ক্রেতাদের নাগালে বাইরে চলে গেলেও বিশ্লেষকরা বলছেন, এই ঊর্ধ্বগতির মূলে রয়েছে বিশ্বজুড়ে চলমান অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতি। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে চলমান সংঘাতই স্বর্ণের বাজারকে উত্তপ্ত করে তুলেছে। দীর্ঘস্থায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের অস্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ কাটতে না কাটতেই নতুন করে ডানা মেলছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আশঙ্কা। তারা মনে করছে, এমন বৈশ্বিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে নিরাপদ এই ধাতুর মূল্যের ওপর। কেবল যুদ্ধ নয়, অর্থনৈতিক অনিশ্চয়তাও স্বর্ণের দাম বাড়ার পেছনে বড় কারণ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি, ডলারের দরের ওঠানামা এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন সতর্ক। শেয়ারবাজার বা অন্য খাতের বদলে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল মাধ্যম হিসেবে তারা স্বর্ণকে বেছে নিচ্ছেন। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম দ্রুত বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও এখন তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করেছে। একই সাথে পাল্লা দিয়ে স্বর্ণ কিনছে বিভিন্ন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি সংস্থাগুলোও। বড় বড় প্রতিষ্ঠানগুলোর এই ব্যাপক ক্রয়ের কারণে বিশ্ববাজারে স্বর্ণের সংকট তৈরি হয়েছে, যার চূড়ান্ত প্রভাব পড়ছে স্থানীয় খুচরা বাজারে।













































Discussion about this post