ঢাকা: টানা চার দিন পর গত বুধবার রাজধানীতে রোদের দেখা মিললেও আজ (শুক্রবার) সকাল থেকেই আবার ঘন কুয়াশায় ঢেকে গেছে ঢাকা। দেশের অন্যান্য এলাকাতেও কুয়াশার প্রভাব স্পষ্ট।শুক্রবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীসহ দেশের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। তবে গতকালের তুলনায় শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে। বর্তমানে দেশের সাতটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার ১৬টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশ ছাড়া দেশের অধিকাংশ এলাকাতেই কুয়াশা বিরাজ করছে।এদিকে ঘন কুয়াশার কারণ সম্পর্কে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতকালে কুয়াশা স্বাভাবিক হলেও এ বছর এর ঘনত্ব বেশি হওয়ার অন্যতম কারণ পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি। সাধারণত প্রতি মাসে একাধিকবার পশ্চিমা লঘুচাপ সক্রিয় হয়, যার ফলে বৃষ্টিপাত হয় এবং কুয়াশা কমে আসে। একই সঙ্গে বাতাসের গতিবেগ বাড়লে কুয়াশা ছড়িয়ে পড়ে। তবে গত ডিসেম্বর মাস থেকে এ ধরনের লঘুচাপের দেখা মেলেনি।এদিকে কুয়াশার পাশাপাশি রাজধানীর বায়ুদূষণও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। শুক্রবার সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বৃহস্পতিবার সকালে এ মান ছিল ১৭৭, তবে রাতের দিকে বেড়ে দাঁড়ায় ২৭৭-এ। দূষণের প্রধান উপাদান হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর মাত্রা বেশি রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে কুয়াশা কিছুটা কমেছে। তবে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এখনও কুয়াশা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে কমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
























































Discussion about this post