গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বিআরটিসির বাসচালক মো. মুরাদ (৪৫)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বিআরটিসি বাসের চালক মুরাদ ঘটনাস্থলে নিহত হন। আহত হন ১৫ যাত্রী। কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মকভাবে আহত আটজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।






















































Discussion about this post