ঢাকা: সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। ‘সেশনজট নিরসন চাই, শিক্ষার্থীর মুক্তি চাই’ এমন স্লোগানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে ৮-১ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ৮-২ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৪-৬ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। আন্দোলনে অংশগ্রহণের কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, প্রাপ্ত নম্বর বা মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য, প্রতিহিংসা বা নেতিবাচক প্রভাব ফেলা যাবে না। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১০ মাস পার হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।’ আরেক শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১০ মাস ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পাশাপাশি সেশনজটের কারণে তাদের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হচ্ছে। দ্রুত ফলাফল প্রকাশসহ একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে নানা সংকটের কারণে সব ব্যাচেই কিছুটা সেশনজট রয়েছে এটি স্বাভাবিক। আমাদের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সংকট রয়েছে। আমাদের পাঁচটি ল্যাব প্রয়োজন। এরমধ্যে দুটি পেয়েছি। আরো তিনটি ল্যাব প্রয়োজন।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কিছু সংকট রয়েছে, কিছু সীমাবদ্ধতাও আছে। ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করতে হবে। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস বিষয়ে শিক্ষার্থীরা রাজি আছে। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’






















































Discussion about this post