ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের অবহেলিত অঞ্চলের পানির সংকট নিরসন ও কৃষির উন্নয়নে শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি বন্ধ করা না গেলেও সঠিক পূর্বপ্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে কীভাবে দেশের সম্পদ ও মানুষের জীবন রক্ষা করা যায়, সেই সক্ষমতা অর্জন করতে হবে। আজ বুধবার (২০ মে) গাজীপুরের টঙ্গীতে নবনির্মিত ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের সার্বিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার কৌশল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগকে আমরা হয়তো রুখতে পারবো না, তবে আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। এ জন্য আমাদের আরও বেশি সচেতন হতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের প্রতিটি খাতের টেকসই উন্নয়নে সরকার সব ধরনের দূরদর্শী পরিকল্পনা হাতে নিয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট’ ভবনের কাজ ২০২৮ সালের শুরুর দিকে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















































Discussion about this post