বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে অভিনেতাকে এক ব্যক্তির সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেছে। তাকে সামলানোর চেষ্টা করছিলেন পুলিশ। সেই সময় ওই ব্যক্তিকেও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়। ঘটনাটি শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সংলগ্ন এলাকায় ঘটেছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সমু চৌধুরী নিজেই। তবে বিস্তারিত জানতে চাইলে বলবেন না বলে ফোন কেটে দেন। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সিলেটের কোতয়ালী থানার আওতাধীন। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমে বলেন, ‘সমু চৌধুরী এক সাংবাদিকের ওপর হামলা করেছিলেন। উনি এমনিতেই মানসিকভাবে অসুস্থ। কথাবার্তার মাঝে রাগ উঠে গিয়েছিল হয়তো। তবে পুলিশের মধ্যস্থতায় সমাধান হয়েছে।’ ভিডিও ধারণ করায় মেজাজ হারিয়েছিলেন কি সমু চৌধুরী— জানতে চাইলে ওসি বলেন, ‘সাংবাদিকরা তো ভিডিও করেই। তাছাড়া আজ মাজারে দানবাক্স খোলা হয়েছে। টাকা গোনা হচ্ছে। সেজন্য সকাল থেকে সাংবাদিকদের ভিড় ছিল। ওই সময়েই ঘটনাটি ঘটেছে।’ এর আগে গেল বছরের ১২ জুন ময়মনসিংহের গফরগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল সমু চৌধুরীকে। পরে স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয় তাকে। সেই ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল সামাজিকস যোগাযোগমাধ্যমে।





















































Discussion about this post