ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো সাক্ষাতের নির্দিষ্ট কোনো সময় ঠিক হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৭ জুলাই) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে সংসদ সচিবকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী শূন্য হওয়া পদ ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা বাধ্যতামূলক। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকারের সুবিধাজনক সময়ে সাক্ষাতের ব্যবস্থা করতে সংসদ সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। এ বৈঠকে সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহযোগী কর্মকর্তা হিসেবেও কয়েকজন কর্মকর্তা স্পিকারের দপ্তরে থাকবেন। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা ইসির কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।























































Discussion about this post