ঢাকা : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) পরীক্ষার্থীদের পক্ষে এই রিট আবেদনটি করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। রিটকারী আইনজীবী জানান, বর্তমানে দেশে নির্বাচনী আমেজ ও আনুষঙ্গিক পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও প্রস্তুতিতে বিঘ্ন ঘটতে পারে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল কমিশন। গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। পরীক্ষা সামনে রেখে কমিশন ইতোমধ্যে তাদের ওয়েবসাইটে আসন বিন্যাস ও হল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে। এখন আদালতের রায়ের ওপরই নির্ভর করছে আগামী শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কি না।



















































Discussion about this post