স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউট পর্বের পথ কি একটু বেশিই সহজ করে দেওয়া হয়েছে? ফুটবলপ্রেমী থেকে শুরু করে বিশ্লেষকদের একাংশের মধ্যে এখন এই প্রশ্নটি বেশ জোরেসোরেই ঘুরপাক খাচ্ছে। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন সুগম করতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ‘ফিফা’ ড্রয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়েছে-এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। তবে এসব গুঞ্জন ও বিতর্ককে পাত্তাই দিচ্ছেন না আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। আসন্ন শেষ ৩২-এর লড়াইয়ে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দের। এই বাধা পার হতে পারলে শেষ ষোলোতে লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া কিংবা মিসর। আর সব ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে সুইজারল্যান্ড বা কলম্বিয়ার সঙ্গে। টুর্নামেন্টের বড় দলগুলোকে এড়িয়ে সম্ভাব্য এই প্রতিপক্ষ তালিকা সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে ড্রয়ের সমীকরণ বা ফিফার বাড়তি সুবিধার তত্ত্বকে সম্পূর্ণ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্কালোনি বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা অনুসরণ করি না। বর্তমান সময়ে যেকোনো ধরনের মতামতই খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয় হয়ে যায়, তা সত্য হোক বা না হোক। এসব অলীক আলোচনা নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের পুরো মনোযোগ এখন মাঠের খেলায়। কাগজে-কলমে প্রতিপক্ষকে সহজ মনে হলেও আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রেখেই চমক দেখিয়েছে দলটি। গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে গোলশূন্য, উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। নবাগতদের এই লড়াকু পারফরম্যান্স বিশ্ব চ্যাম্পিয়ন শিবিরকে বেশ সতর্ক রাখছে। কেপ ভার্দে প্রসঙ্গে স্কালোনি আরও যোগ করেন, ওরা এমন একটি দল যারা এই বিশ্বকাপে এখনো হারের মুখ দেখেনি। তারা কোনো ভাগ্যের জোরে বা কাকতালীয়ভাবে নকআউটে আসেনি, নিজেদের যোগ্যতায় এসেছে। আমরা প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করি এবং সেই মানসিকতা নিয়েই মাঠে নামব। ফিফা ও আর্জেন্টিনাকে ঘিরে মাঠের বাইরের বিতর্ক যতই ডালপালা মেলুক না কেন, স্কালোনির লক্ষ্য এখন কেবলই কেপ ভার্দে বধ। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামের চেয়ে মাঠের পারফরম্যান্সই যে শেষ কথা বলবে, তা ভালো করেই জানা আছে এই কোচের। তাই কোনো বিতর্কে কান না দিয়ে মাঠের লড়াইয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
























































Discussion about this post