ঢাকা : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়ন্ত্রিত এলাকায় নকশা অমান্য করে ভবন নির্মাণ করলে সেই স্থাপনার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ওপর আর কোনো আইনি বাধা রইলো না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আগের নিষেধাজ্ঞা স্থগিত করায় এই সুযোগ তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে জানা যায়, গত বছরের ১৭ এপ্রিল সরকার সিদ্ধান্ত নেয় যে, নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণ করলে রাজউক সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘রিহ্যাব’ রিট করলে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ রাজউকের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। হাইকোর্টের ওই আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক আপিল বিভাগে আবেদন করে। রাজউকের পক্ষে ব্যারিস্টার ওমর সাদাত মামলাটি পরিচালনা করেন। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে রাজউকের পক্ষেই রায় দেন। এই আদেশের ফলে রাজউক এখন থেকে নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত বা নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করতে পারবে। একইসাথে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে রাজউকের ওপর আর কোনো আইনি বাধা থাকলো না। শহরের পরিকল্পিত নগরায়ন ও ভবন নিরাপত্তা নিশ্চিতে রাজউকের এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
























































Discussion about this post