স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ প্রবেশের পর একদিনের ব্যবধানে দেশীয় কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা কমেছে।আজ মঙ্গলবার (৪ আগস্ট) হিলিতে সোমবার দেশীয় কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ মঙ্গলবার সেটি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। পাইকারি বাজারেও একই ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। বাজারে ভারতীয় কাঁচামরিচের সরবরাহের খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারেও।পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে কৃষকদের কাছ থেকে ১৪০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ভারতীয় কাঁচামরিচ বাজারে আসায় দেশীয় মরিচের ওপর চাপ কমেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। খুচরা বিক্রেতা আমীর হোসেন বলেন, ভারতীয় মরিচ আমদানি শুরুর পর পাইকারি বাজারে দাম কমেছে। ফলে খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে। এতে ক্রেতার সংখ্যাও বেড়েছে। বাজারে কেনাকাটা করতে আসা সানি ইসলাম বলেন, ‘একদিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে যাওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছি। কয়েকদিন ধরে উচ্চ দামের কারণে প্রয়োজনের তুলনায় কম মরিচ কিনতে হচ্ছিল। দাম যদি আরও কিছুটা কমে, তাহলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।’হিলি স্থলবন্দরের আমদানিকারক সাহবুল ইসলাম বলেন, দেশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। এরই প্রভাবে বাজারে সরবরাহ বেড়েছে এবং মূল্য কমতে শুরু করেছে। ধারাবাহিক আমদানি অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে।
























































Discussion about this post