ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচন: সুখবর পেলেন বিএনপির ১১ নারী প্রার্থীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মোট ৩০০ আসনের মধ্যে দুই দফায় ২৭২টি আসনের জন্য তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই চূড়ান্ত তালিকায় মোট ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন।দলটি প্রথম দফায় গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করে। এরপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে, সব মিলিয়ে এই নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। এই নির্বাচনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে নির্বাচন করবেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।ঘোষিত তালিকায় খালেদা জিয়া ছাড়া অন্য যে নারী প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন, তাঁরা হলেন নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, এবং মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা। এছাড়া ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর-১ আসনে নাদিরা মিঠু প্রতিদ্বন্দ্বিতা করবেন।এই নারী প্রার্থীদের অনেকেই দীর্ঘদিনের রাজনৈতিক বা পারিবারিক ঐতিহ্য বহন করছেন। উদাহরণস্বরূপ, ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল এবং আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু উভয়ই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। অন্যদিকে, সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এবং ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক হিসেবে পরিচিত। মোছা. তাহসিনা রুশদীর লুনাও একই ধরনের পটভূমি থেকে এসেছেন; তাঁর স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছিলেন। নবমনোনীত মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। উল্লেখ্য, তিনি এর আগেও উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রসঙ্গত, মাদারীপুর-১ আসনে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু একদিন পরই সেই সিদ্ধান্ত স্থগিত করে নাদিরা মিঠুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।























































Discussion about this post