ঢাকা : জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার ঢাকা ও চট্টগ্রামের তিন মহানগরীতে ভোটের দামামা বাজতে শুরু করেছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, এই তিন সিটিতে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পাঠানো চিঠিটি এখন কমিশনে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর একটি সিটি করপোরেশনের মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ গত বছরের জুনেই শেষ হয়েছে এবং ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণ হতে যাচ্ছে। এই আইনি সময়সীমার বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ জানিয়েছেন, আসন্ন ঈদের পর স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে দেশের অধিকাংশ সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও আদালতের আদেশে বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছেন শাহাদাত হোসেন। এখন নতুন নির্বাচনের মাধ্যমে এই তিন মহানগরে আবারও নির্বাচিত জনপ্রতিনিধি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল সরকার।
























































Discussion about this post