ঢাকা: আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নির্বাচন কমিশনার বলেন, আগামী ১২ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচনের সময়সূচি নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। সম্ভাব্য নতুন সময় হিসেবে আগামী বছরের জানুয়ারিকে বিবেচনা করা হচ্ছে। এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
























































Discussion about this post